সম্পূর্ণ ক্লাউডে পরিচালিত পিসি আনলো মাইক্রোসফট
মাইক্রোসফট তার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কাজগুলো ক্লাউডে স্থানান্তর করতে আগ্রহীদের জন্য নতুন এক ডিভাইস উন্মোচন করেছে।
মঙ্গলবার মাইক্রোসফট ইগনাইট ২০২৪-এ, প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট উন্মোচন করেছে উইন্ডোজ ৩৬৫ লিংক, একটি ফ্যানলেস, হালকা পিসি যা উইন্ডোজ ৩৬৫-এর সঙ্গে সংযুক্ত থাকবে। উইন্ডোজ ৩৬৫ হলো একটি ক্লাউড-হোস্টেড ভার্চুয়াল উইন্ডোজ মেশিন, যা সাধারণ উইন্ডোজের মতোই কিন্তু রিমোট সার্ভারে পরিচালিত হয়।
২০২৫ সালের এপ্রিল মাসে এটি বিশ্বের কিছু বাজারে ৩৪৯ ডলারে পাওয়া যাবে। মাইক্রোসফটের ভাষ্যমতে, এই ডিভাইসটি সেকেন্ডের মধ্যে চালু হবে। তাৎক্ষণিকভাবে স্লিপ মোড থেকে জেগে ওঠবে এবং এতে রয়েছে বেশ কিছু ডিসপ্লে ও পেরিফেরাল পোর্ট।
উইন্ডোজ ৩৬৫ লিংক ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ৪কে মনিটর সাপোর্ট, চারটি ইউএসবি পোর্ট, অডিও ও ইথারনেট জ্যাক, ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩।
তবে এটি সম্পূর্ণ কোনো পিসি নয়। এতে স্টোরেজের অভাব রয়েছে এবং লোকাল অ্যাপ ইনস্টল করা সম্ভব নয়। এর ছোট উইন্ডোজ-ভিত্তিক অপারেটিং সিস্টেমটি অত্যন্ত সীমাবদ্ধ এবং নিরাপত্তা ফিচার বা পাসওয়ার্ডলেস লগইন বন্ধ করার সুযোগ নেই।
উইন্ডোজ ৩৬৫ লিংক মূলত সাধারণ ভোক্তাদের জন্য নয়, বরং এটি কর্পোরেট গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই ডিভাইস রিমোটলি চালাতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট, ডাউনলোড ও ইনস্টল করার সুযোগ পাবেন।
মাইক্রোসফট দাবি করেছে, উইন্ডোজ ৩৬৫ লিংকের শক্তি খরচ বেশিরভাগ ডেস্কটপের তুলনায় কম। ডিভাইসটির নির্মাণে ৯০ শতাংশ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয়, ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম, ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত তামা এবং ৯৬ শতাংশ পুনর্ব্যবহৃত টিন সোল্ডার ব্যবহার করা হয়েছে।
অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আজ থেকেই উইন্ডোজ ৩৬৫ লিংকের প্রিভিউ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। তবে মাইক্রোসফটের আগের ক্ষুদ্র পিসির মতো এটি যেন ব্যর্থ না হয়, সেই চেষ্টা করছে প্রযুক্তি জায়ান্টটি।
ডিবিটেক/বিএমটি







